আসন্ন ঈদ উপলক্ষে শ্রোতাদের জন্য বিশেষ উপহার নিয়ে আসছে জি-সিরিজ ও অগ্নিবীণা। এই দুই প্রযোজনা প্রতিষ্ঠান এবার ঈদে প্রকাশ করছে শত নতুন গান, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। শুধু গানই নয়, থাকছে ২৫টি নতুন নাটক এবং ১০টি পুরনো জনপ্রিয় সিনেমার সম্ভার। এমন বৈচিত্র্যময় ও সমৃদ্ধ আয়োজন দেশের অন্য কোনো সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বিরল।
জি-সিরিজ ও অগ্নিবীণার ঈদের আয়োজনের সূচনা হবে তাহসানের ‘নিয়তি’ গানটির মাধ্যমে। এরপর একে একে শ্রোতারা উপভোগ করতে পারবেন এফএ সুমনের ‘ও আমার দিলের টুকরো’, সাদমান পাপ্পুর ‘আমি মানে তুমি-২’, ইমন খানের ‘আমার ভেঙে গেল ঘর’, কিশোর পলাশের ‘আজকে বন্ধুর গায়েহলুদ’, মাটির গানের ‘তোরে চিনতে পরান পাখি’, তাবিজ ফারুকের নয়টি গান নিয়ে ‘আমার ভালোবাসা’, নীপা ও মুন্না খানের ‘দূর প্রবাসে’, পথিক নবীর ‘নজর যখন ওইখানে পড়ে’, জিসান খান শুভর ‘আদ্যোপান্ত’, পার্থ বড়ুয়ার ‘সহজলভ্য নয়’, মিজানের ‘দ্বিধার দুয়ার’, পারভেজের ‘দিল জানে রে’, লেলিনের নতুন গান ‘এভাবে যায় কি বাঁচা’, সাদাতের ‘নিঠুর প্রিয়জন’, সাজুর ‘তোর দিলে কি একটু মায়া নাই’, জেনস সুমনের ‘কে যে কার’, তৌসিফের ‘ভুল’, সূচনা শৌলীর ‘যন্ত্রণা’, সালমার ‘জাত গেল জাত গেল’, অলোক চক্রবর্তীর ‘ভালোবাসিয়া গেলা ভুলে’, কাজী কেএনআই-র ‘জয়িতা’, ওয়াসিম পাগলার ‘ভালোবেসে কী পেলি’, রক টাউন ব্যান্ডের ‘বৃষ্টির গান’ অ্যালবাম, জিমি শাহ-র ‘অসমাপ্ত’, সুজিত মোস্তফার ‘এখন আমি’, সুকন্যার ‘আশা পূর্ণ হলো না’, জয়িতার ‘যে রাতে মোড়’, নাবিলের ‘মাগো মা’, মোতাজ্জের হোসেনের ‘নারে না বন্ধু’, লায়লার ‘ওই চরণে দাসের যোগ্য নই’, বিউটির ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, আয়শা জেবিন দীপার ‘চাতক বাঁচে কেমনে’ এবং নাদিমের ‘কবে সাধুর চরণে’ সহ আরো অনেক নতুন গান।
প্রযোজক নাজমুল হক ভুঁইয়া খালেদ জানান, ‘আমাদের প্রতিটি গানই একেকটি আবেগের তুলিতে আঁকা চিত্রকর্ম, যা কেবল শুনলেই হবে না, অনুভবও করা যাবে।’
গান ছাড়াও, জি-সিরিজের ঈদের আয়োজনে থাকছে আকর্ষণীয় নাটক। পথিক সাধন পরিচালিত ‘সাতদিন’ নাটকটি দিয়ে শুরু হচ্ছে নাটকের সম্ভার, যেখানে অভিনয় করেছেন খায়রুল বাশার ও রিয়া ঘোষ। ঈদের দিন দর্শকরা উপভোগ করতে পারবেন শিমুল শর্মা পরিচালিত ‘কাবজাব’, যেখানে অভিনয় করেছেন শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে। ঈদের দ্বিতীয় দিন আসছে সুব্রত কুমার সঞ্জীবের ‘বোবা কান্না’, যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে মুশফিক আর ফারহান ও মারিয়া মেহনতিকে। ঈদের তৃতীয় দিনে থাকছে দুটি ভিন্ন স্বাদের নাটক। আহসান হাবিব আকিক পরিচালিত ‘চার নম্বর বউ’-তে মোশাররফ করিমের সাথে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। একই দিনে সুব্রত কুমার সঞ্জীবের আরেকটি নাটক ‘ফড়িয়া’ প্রচারিত হবে, যেখানে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির। ঈদের চতুর্থ দিনে দর্শক দেখতে পাবেন পথিক সাধন পরিচালিত একটি নতুন নাটক।
রিপোর্টারের নাম 

























