মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এসব স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানো হতে পারে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী এবং আশপাশের এলাকার সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র মার্কিন প্রশাসনকে সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে যেসব শিল্পপ্রতিষ্ঠানে আমেরিকার সরাসরি মালিকানা বা অংশীদারিত্ব রয়েছে, সেগুলো যেন দ্রুত খালি করে দেওয়া হয়। তবে নির্দিষ্টভাবে কোন কোন স্থাপনায় এই হামলা চালানো হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে তাসনিম নিউজের টেলিগ্রাম চ্যানেলে সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে আমাজন, গুগল, মাইক্রোসফট ও এনভিডিয়ার মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের আঞ্চলিক কার্যালয়ের নাম উল্লেখ ছিল। এই হুমকির ফলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বহুজাতিক কোম্পানিগুলোর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে এবং এই অঞ্চলের ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
রিপোর্টারের নাম 





















