সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি। সোমবার দুপুরে পাবনার পদ্মকোল খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এ কথা জানান। তিনি বলেন, দেশের এক সংকটময় মুহূর্তে দায়িত্ব নিলেও সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদানের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে এক সময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন ও সেচ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ৫৪টি খাল পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে মরে যাওয়া খালগুলো পানিপ্রবাহ ফিরে পাবে, যা খরা ও জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, কৃষি বিপ্লব ও স্বাভাবিক জনজীবন নিশ্চিত করতে মরে যাওয়া খালগুলো খনন করা জরুরি। তিনি এই প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 




















