শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একজন শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ওই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি শনিবার রাত আনুমানিক ৯টার দিকে সিলেটের গোয়াবাড়ী চা-বাগান এলাকায় ঘটে। ভুক্তভোগী মো. হাবিবুল্লাহ মেসবাহ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শনিবার সন্ধ্যায় গোয়াবাড়ীর কুচারপাড়ায় টিউশনি পড়াতে গিয়েছিলেন। রাত ৯টার দিকে টিউশনি শেষে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি হোস্টেলের সামনে পৌঁছালে তিন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তাকে পাশের চা-বাগানের ভেতরে নিয়ে গিয়ে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী হাবিবুল্লাহ মেসবাহ জানান, টাকা ও মোবাইল নেওয়ার পরও দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে। আহত অবস্থায় তিনি সামনে এগিয়ে স্থানীয়দের কাছে সাহায্য চান। এলাকাবাসীর তাৎক্ষণিক সহযোগিতায় তিন ছিনতাইকারীর মধ্যে একজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে।
মামলার বিষয়ে তিনি বলেন, জালালাবাদ থানায় গিয়ে মামলা করতে আগ্রহ প্রকাশ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বাদী হতে বলেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং আটক একজনকে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনায় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব নিশ্চিত করেছেন যে শনিবার রাতেই একজনকে আটক করে থানায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজ মামলা দায়ের করার কথা রয়েছে এবং মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 



















