ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই তার একটি নতুন ভিডিও নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারসাজি বলে দাবি করছেন নেটিজেনদের বড় একটি অংশ। এমনকি ইলন মাস্কের মালিকানাধীন এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রোক’ এই ভিডিওটিকে সরাসরি ‘ডিপফেক’ হিসেবে অভিহিত করেছে।
বিতর্কিত এই ভিডিওতে দেখা যায়, জেরুজালেম পাহাড়ের একটি ক্যাফেতে কফি অর্ডার করছেন নেতানিয়াহু। তার মৃত্যুর গুজব নিয়ে রসিকতা করে তাকে বলতে শোনা যায়, ‘আমি কফির জন্য মরছি।’ তবে ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যবহারকারীদের দাবি, ভিডিওতে নেতানিয়াহুর মুখের আকৃতি হঠাৎ বদলে যাওয়া এবং কফি কাপের অস্বাভাবিক নড়াচড়া এটি এআই দিয়ে তৈরির প্রমাণ দেয়।
গ্রোক এক প্রশ্নের জবাবে জানিয়েছে, ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি এবং নেতানিয়াহুর এমন কোনো বাস্তব ঘটনার অস্তিত্ব নেই। যদিও ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিওটি প্রচার করা হয়েছিল মূলত গুজব থামানোর জন্য, কিন্তু এটি উল্টো নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এই ডিজিটাল কারসাজির অভিযোগ জনমনে আরও বিভ্রান্তি তৈরি করছে।
রিপোর্টারের নাম 























