কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী বাজার থেকে জুরানপুর হয়ে সুন্দলপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘকাল ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা এই সড়কে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে বড় বড় গর্তে হাঁটুসমান পানি জমে থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, চলাচলের অনুপযোগী এই সড়কে এখন মাছের পোনা ছেড়ে চাষ করা ছাড়া আর কোনো উপায় নেই।
সরেজমিনে দেখা গেছে, সড়কের পিচঢালাই উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে যায় পুরো পথ। এতে প্রায়ই উল্টে যাচ্ছে অটোরিকশা ও ছোট যানবাহন, আহত হচ্ছেন যাত্রীরা। রাস্তার পাশের ব্যবসায়ী ও পথচারীরা জানান, কাদা ছিটকে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে মানুষের পোশাক ও দোকানপাটের মালামাল। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের ভাষ্যমতে, প্রায় এক দশক ধরে সড়কটিতে বড় ধরনের কোনো সংস্কার কাজ হয়নি। গোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান প্রধান জানান, বিষয়টি একাধিকবার সমন্বয় সভায় তোলা হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। গুরুত্বপূর্ণ এই জনপদে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও রাস্তার বেহাল দশার কারণে অভিভাবক ও শিক্ষকরা সবসময় উৎকণ্ঠায় থাকেন। এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে যেন এই সড়কটি টেকসইভাবে মেরামত করা হয়।
রিপোর্টারের নাম 






















