গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ হওয়ার দীর্ঘ তিন মাস পর তাহিদুল মোল্লা (৩০) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব ভাকুড়ী গ্রামের একটি পুকুরে কচুরিপানার নিচ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাহিদুল উপজেলার লতিফপুর গ্রামের আক্তার মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তাহিদুল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সাকিব শেখ নামে একজনকে আটক করে। দীর্ঘ সময় পর সোমবার দুপুরে সুমন নামে এক ব্যক্তি ওই পুকুর পরিষ্কার করতে গেলে কচুরিপানার ভেতরে মরদেহটি দেখতে পান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা এটি তাহিদুলের মরদেহ বলে শনাক্ত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
রিপোর্টারের নাম 






















