খুচরা ও পাইকারি বাজারে নিত্যপণ্যের দামের অস্বাভাবিক ব্যবধান কমিয়ে আনতে ঈদের পর ‘ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি’ গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সকালে সিলেটের ওসমানীনগর উপজেলায় চম্পাতলী খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, এই কমিটি ব্যবসায়ী, পেশাজীবী ও প্রশাসনের সমন্বয়ে কাজ করবে এবং প্রয়োজনে প্রকাশ্য শুনানির আয়োজন করা হবে।
সিলেটের কৃষি সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, এই অঞ্চল মূলত এক ফসলি। সেচ সুবিধার অভাব ও জলাবদ্ধতার কারণে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পান না। খাল পুনঃখনন করা হলে প্রায় দেড় হাজার বিঘা নতুন জমি চাষের আওতায় আসবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তাহসীনা রুশদীর লুনা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, খাল খননের সুফল এই অঞ্চলের মানুষ প্রথম বছর থেকেই পেতে শুরু করবেন।
রিপোর্টারের নাম 

























