আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সড়কপথের যানজট ও টিকিটের বিড়ম্বনা এড়াতে উত্তরের আট জেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল গাইবান্ধার বালাশী-বাহাদুরাবাদ নৌপথ। তবে এবারের ঈদযাত্রায় সেই স্বস্তির পরিবর্তে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তিস্তা ও ব্রহ্মপুত্র নদের তীব্র নাব্যসংকটের কারণে এই নৌপথে নৌযান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
জানা গেছে, প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে বালাসী ও বাহাদুরাবাদ ঘাটের মধ্যে আধুনিক ফেরি যোগাযোগ স্থাপনের প্রকল্প নেওয়া হলেও তা বর্তমানে মুখ থুবড়ে পড়ে আছে। ফলে যাত্রীদের এখনো ছোট নৌকার ওপরই নির্ভর করতে হচ্ছে। সড়কপথে ঢাকা থেকে উত্তরবঙ্গে যেতে যেখানে ১০০০ থেকে ১১০০ টাকা খরচ হয়, সেখানে নৌপথ ব্যবহার করে মাত্র ৫০০ টাকার মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব। সাশ্রয়ী হওয়ার কারণে গাজীপুর ও ময়মনসিংহের পোশাক শ্রমিকসহ সাধারণ যাত্রীরা এই রুটটি বেছে নিলেও নাব্যসংকটে তাদের আনন্দযাত্রা এখন বিষাদে পরিণত হয়েছে।
নদীর গভীরতা অনেক স্থানে মাত্র ৩ থেকে ৪ ফুটে নেমে আসায় বড় নৌকাগুলো মাঝপথে বালুচরে আটকে যাচ্ছে। ফলে যাত্রীদের মাঝনদীতে নৌকা থেকে নেমে ধাক্কা দিয়ে পার হতে হচ্ছে। স্থানীয় মাঝিরা জানিয়েছেন, পানি কমে যাওয়ায় এবং যত্রতত্র চর জেগে ওঠায় নিয়মিত নৌকা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যা ঈদযাত্রীদের চরম অমানুষিক পরিশ্রম ও ভোগান্তির মুখে ঠেলে দিচ্ছে।
রিপোর্টারের নাম 






















