মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসার আল্লাহ মুভমেন্ট) ইরানের প্রতি সমর্থন জানিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ইরানে অব্যাহত থাকলে এমন পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে তারা।
হুতি সামরিক বাহিনীর কর্মকর্তা আবেদ আল-থাওর শনিবার ঘোষণা দিয়েছেন, যদি এই অঞ্চলে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করা হতে পারে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে যাওয়া বাণিজ্যিক জাহাজ, যুদ্ধজাহাজ এবং এমনকি বিমানবাহী রণতরীও আটকে দেওয়া হতে পারে।
আরেকটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে, হুতিরা ইসরায়েলের বন্দর অভিমুখে চলাচলকারী সকল জাহাজের জন্য বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি যৌথ সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে তেহরানসহ ইরানের কয়েকটি বড় শহরে হামলা চালানো হয়। হোয়াইট হাউস দাবি করে, ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।
এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা অভিযান শুরু করার ঘোষণা দেয় এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। প্রতিবেদন অনুযায়ী, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা হয়েছে। এছাড়া যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























