কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গন থেকে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ‘যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না।’
শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত এক র্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। র্যালি শেষে স্থানীয় বায়তুন্নুর জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মুনতাকিম তার এই বার্তা দেন।
এর আগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারি ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সারোয়ার আহমেদ প্রমুখ। বক্তারা মাদকের ভয়াবহতা এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন।
রিপোর্টারের নাম 























