রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেট ভবনের একটি ভাড়া বাসা থেকে ফারা ফেরদৌস (৩২) নামের এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ভবনের ১৪ তলার ৮/১ নম্বর কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে আশপাশের বাসিন্দারা শাহবাগ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃতার বোন নুজুলা ফেরদৌসের উপস্থিতিতে কক্ষের দরজা খুলে খাটের ওপর বসা অবস্থায় টেবিলের ওপর মাথা রাখা অবস্থায় ফারা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, নিহত ফারা ফেরদৌস দীর্ঘদিন ধরে আজিজ সুপার মার্কেট ভবনের ওই কক্ষে একা ভাড়া থাকতেন। তিনি পিজি হাসপাতালে কার্ডিওভাসকুলার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ (কোর্স) নিচ্ছিলেন এবং ৩৯তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, গত ২৩ জুন ফারা ফেরদৌসের সঙ্গে তাঁর বোনের সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। ফারা ফেরদৌস খুলনা জেলার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা মো. আব্দুর রশিদের মেয়ে।
পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 
























