বিদ্যুৎ সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার (২৭ জুন) চট্টগ্রাম ও নাটোরের বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিস থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চন্দনাইশ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ গাছপালা ছাঁটাই ও লাইন মেরামতের জন্য শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা চন্দনাইশের মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক এলাকা, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, ছগিরের দোকান, বদুরপাড়ার আংশিক এলাকা, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা এলাকা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া ও গাছবাড়িয়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও আশপাশের গাছপালা ছাঁটাইয়ের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর আওতায় বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্র ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের অধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা ও নগর ইউনিয়ন এলাকা বিদ্যুৎহীন থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে কাজের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ বন্ধের সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























