ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দেশটির নবনিযুক্ত শীর্ষ নেতা মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’ এবং তিনি ‘পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-আরাবি আল-জাদিদ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ৮ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি গত ১২ মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে তার প্রথম ভাষণটি তিনি নিজে পাঠ না করে একজন সংবাদ উপস্থাপকের মাধ্যমে পাঠ করানো হয়। এই ঘটনাগুলোর পর থেকে তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল।
সাক্ষাৎকারে আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান যুদ্ধ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ইরান যুদ্ধের একটি ‘ন্যায়সঙ্গত অবসান’ ঘটাতে পারে এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে স্বাগত জানাবে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, যুদ্ধ বন্ধের জন্য এখন পর্যন্ত তাদের সামনে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা উদ্যোগ নেই।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ ছাড়া বাকি সকলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।’
রিপোর্টারের নাম 





















