ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জরুরি সামরিক ক্রয়ের জন্য প্রায় ৮২৭ মিলিয়ন ডলার (প্রায় ২.৬ বিলিয়ন শেকেল) অতিরিক্ত বাজেট বরাদ্দ অনুমোদন করেছে ইসরাইল সরকার। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, সপ্তাহের শেষে অনুষ্ঠিত এক টেলিফোন বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা এই বাজেট অনুমোদন করেন। এই অর্থ ‘নিরাপত্তা সংক্রান্ত ক্রয়’ এবং সামরিক বাহিনীর “জরুরি প্রয়োজন” মেটাতে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে, তবে নির্দিষ্ট খাত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অর্থ মন্ত্রণালয়ের একটি নথি, যা মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে “যুদ্ধের তীব্রতার কারণে” এই অতিরিক্ত বাজেট বরাদ্দ প্রয়োজন হয়ে পড়েছে। নথিতে আরও বলা হয়েছে, চলমান যুদ্ধ মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য গোলাবারুদ সংগ্রহ, উন্নত অস্ত্রব্যবস্থা ক্রয় এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জামের মজুত পুনরায় পূরণ করা জরুরি হয়ে উঠেছে।
এই সিদ্ধান্তটি একটি ব্যতিক্রমী জরুরি ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয়েছে, যা কেবল যুদ্ধ পরিচালনার ফলে সৃষ্ট প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই অর্থ ২২২ বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় বাজেট থেকে নেওয়া হবে। সরকার গত ১২ মার্চ এই বাজেট অনুমোদন করেছে এবং এটি ৩১ মার্চের মধ্যে ইসরায়েলের সংসদ কনেসেটে পাস হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 





















