ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় প্রথমবারের মতো কৌশলগত কঠিন জ্বালানিভিত্তিক সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বাহিনীটি দাবি করেছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান ‘ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে রোববার ইসরাইলের বিরুদ্ধে ৫৪তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সর্বশেষ হামলায় দুই টন ওয়ারহেড বহনে সক্ষম অতিভারী খোররামশাহ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি খায়বার শেকান, কদর এবং ইমাদ ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসি-র দাবি অনুযায়ী, সিজ্জিল ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো এমন সব কেন্দ্র লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে, যেগুলো ইসরাইলের আকাশভিত্তিক সামরিক অভিযানের ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাহিনীটি আরও জানায়, ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেনাবাহিনীর সমাবেশস্থলগুলো অধিকৃত ভূখণ্ডের ভেতরেই সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকের মৃত্যুর পাল্টা জবাব দিয়ে আসছে ইরান। এর ধারাবাহিকতায় ইরানের সশস্ত্র বাহিনী আমেরিকান আঞ্চলিক ঘাঁটিগুলোতে এবং ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
রিপোর্টারের নাম 





















