ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। খারগ দ্বীপে হামলার ঘোষণার প্রেক্ষাপটে তেহরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হুমকি দেওয়া হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের জ্বালানি স্থাপনায় আঘাত করা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর মালিকানাধীন তেল ও জ্বালানি অবকাঠামো ‘তাৎক্ষণিকভাবে ধ্বংস করে ছাইয়ের স্তূপে পরিণত করা হবে’।
মার্কিন প্রেসিডেন্ট ইরানের জ্বালানিশিল্পের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের ঘোষণা দেওয়ার পরপরই ইরান এই কঠোর অবস্থান ব্যক্ত করে। উল্লেখ্য, খারগ দ্বীপ ইরানের তেল রপ্তানির একটি প্রধান টার্মিনাল, যেখান থেকে দেশটির প্রায় ৯০ শতাংশ তেল বিশ্ববাজারে পাঠানো হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন যে, খারগ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তু ‘সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে’ যুক্তরাষ্ট্র।
তবে তিনি একই সঙ্গে বলেছিলেন, দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ট্রাম্প সতর্ক করে দিয়ে আরও বলেন, ‘যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীন ও নিরাপদ পথ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে আমি এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে পুনর্বিবেচনা করব।’
উল্লেখ্য, এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ইরানের জ্বালানিসংশ্লিষ্ট স্থাপনায় হামলার বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন। এমনকি যুদ্ধের শুরুর দিকে যখন ইসরায়েল তেহরানের একটি বড় তেলের ডিপোতে হামলা চালায়, তখন পরোক্ষভাবে ট্রাম্প প্রশাসন সেই হামলার নিন্দা জানিয়েছিল।
রিপোর্টারের নাম 

























