লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদারের (২৮) লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কাছের স্বজনরা তার লাশ নিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত দূর সম্পর্কের চাচাতো ভাই টিটু মজুমদারের কাছে বাধ্য করে লাশ হস্তান্তর করা হয়।
শুক্রবার রাত ৮টার দিকে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্তর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন চরভাটা এলাকার চরবজলুল করিম গ্রামের কার্তিক মজুমদারের ছেলে। স্বজনরা লাশ নিতে রাজি না হওয়ায় সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাহায্যে নিহতের দূর সম্পর্কের এক চাচাতো ভাইকে আনা হয়। ময়নাতদন্তের পর বিকেলে তার কাছে অন্তরের লাশ হস্তান্তর করা হয়।
১০০ শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, সুরুতহালের পর নিহত অন্তরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে গণপিটুনিতে অন্তর মজুমদারের মৃত্যুর ঘটনায় রায়পুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।
রিপোর্টারের নাম 























