খুলনার দিঘলিয়া উপজেলায় একটি পরিত্যক্ত ব্যাগে রাখা বোমার বিস্ফোরণে সাইফুল (২১) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার সকালে সেনহাটী বালিকা বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত স্থানে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দিগ্বিদিক ছুটতে শুরু করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি বাড়ির স্টোর রুমের পাশে বৈদ্যুতিক তার মোড়ানো একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে ব্যাগটি সরাতে গেলে হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে বোমার স্প্রিন্টারের আঘাতে সাইফুল আহত হন এবং তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, বিস্ফোরিত বস্তুটি ব্যাটারি ব্যবহার করে তৈরি করা একটি শক্তিশালী বোমা ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং এই ঘটনার নেপথ্যে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
রিপোর্টারের নাম 





















