নেত্রকোণার পূর্বধলায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ পরিদর্শন এবং নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ভেন্ডিং মেশিন উদ্বোধন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। বর্তমান বিএনপি সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
রোববার তিনি পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সংসদ সদস্যের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে ঘুরে দেখেন তিনি। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে অত্যাধুনিক স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে এসব ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন, যা নারী শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।
এছাড়াও, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুম আধুনিকায়ন ও সংস্কার, কমনরুম উন্নয়ন এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে তিনটি আধুনিক ওয়াটার ফিল্টার স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। পরিদর্শনের অংশ হিসেবে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারটি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য মানসুরা আলম, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
সংসদ সদস্য মানসুরা আলম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এমন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’ এ সময় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকনসহ দলীয় নেতাকর্মী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























