নরসিংদীর সদর উপজেলায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক গৃহিণীর বাড়ি থেকে ব্যাংকের চেক বই চুরির অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ইব্রাহীম মিয়া কাঠালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী গৃহিণী নাসিমা বেগম জানান, দারিদ্র্যের সুযোগ নিয়ে ইব্রাহীম তাকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এর আগে কার্ডের জন্য তার জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সংশোধনের নামে ৮ হাজার টাকাও দাবি করেন তিনি। এক পর্যায়ে ইব্রাহীম কৌশলে তার বাড়ি থেকে একটি চেক বই নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে তিনি চেক বইটি ফেরত দিলেও সেখান থেকে কয়েকটি পাতা নিখোঁজ রয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
অভিযুক্ত ইব্রাহীম মিয়া চুরির বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, এটি ভুলবশত তার কাছে চলে গিয়েছিল। তবে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন প্রতারণার অভিযোগ উঠেছে।
রিপোর্টারের নাম 
























