দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি কারাফটক দিয়ে বাইরে আসেন। জেল সুপার মো. আল মামুন জানান, শুক্রবারই জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছেছিল। আনুষ্ঠানিকতা শেষে আজ তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এছাড়া গত ৫ মার্চ সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেছিলেন। কারাগার থেকে বের হওয়ার সময় তার স্ত্রী ও স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।
রিপোর্টারের নাম 






















