হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়া গরু ব্যবসায়ী জলিল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর শনিবার দুপুরে উপজেলার গংগানগর এলাকা থেকে তার মরদেহটি ভেসে ওঠে। নিহত জলিল মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ সন্ধ্যায় অবিক্রীত গরু নিয়ে বাড়ি ফেরার পথে আহম্মদাবাদ ইউনিয়নের কোর্টবাড়ি এলাকায় খোয়াই নদী পার হওয়ার চেষ্টা করেন জলিল মিয়া। এ সময় তিনি নদীর গভীর গর্তে তলিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে ওই স্থানে প্রায় ৫০ হাত গভীর গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর থেকেই স্থানীয় লোকজন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শুক্রবার দিনভর নদীতে তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে শনিবার দুপুরে গংগানগর খেয়াঘাট এলাকায় নৌকা টানার রশিতে আটকে থাকা অবস্থায় তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের পর থেকেই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়েছিল। শনিবার মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 





















