ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে জাতীয় গ্রিড লাইনে আকস্মিক ত্রুটির কারণে দুটি বড় ইউনিট বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকেলে প্রায় ৩টার দিকে বিকট শব্দে ইউনিট দুটি অকার্যকর হয়ে পড়লে জাতীয় গ্রিডে প্রায় সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়।
বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগের সূত্রমতে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির মোট ৫টি ইউনিটের মধ্যে ৩টি বড় ইউনিট থেকে সাড়ে ৭শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। এর মধ্যে ৪শ মেগাওয়াট (উত্তর) এবং ৪শ মেগাওয়াট (পূর্ব) ইউনিট দুটি পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানিয়েছেন, আশুগঞ্জ-ভুলতা ৪০০কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণেই এই দুটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেছে। বর্তমানে ইউনিট দুটি সচল রয়েছে এবং গ্রিড লাইনের ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, ত্রুটি সারিয়ে রাতের মধ্যেই ইউনিট দুটি পুনরায় চালু করা সম্ভব হবে।
উল্লেখ্য, চাহিদার বিপরীতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় ৮শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট দুটি থেকে বর্তমানে সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল।
রিপোর্টারের নাম 























