বাংলাদেশের বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি) এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর উদ্ধার এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
বেবিচকের পক্ষে পরিচালক (এটিএম) মোঃ শামসুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মোঃ মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান জরুরি পরিস্থিতিতে একে অপরকে দ্রুত সহায়তা প্রদান, সমন্বিত প্রশিক্ষণ পরিচালনা, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা বিনিময়ের মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা জোরদারে কাজ করবে। এর ফলে বিমানবন্দর এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিনির্বাপণ সক্ষমতা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























