আজ ২০তম তারাবিতে পবিত্র কোরআনের ২৩তম পারা পঠিত হবে, যার অন্তর্ভুক্ত সূরা ইয়াসিন (২২-৮৩), সূরা সাফফাত, সূরা সাদ এবং সূরা জুমার (১-৩১)। আজকের তারাবিতে পঠিতব্য অংশগুলো মানবজাতির জন্য গভীর উপদেশ ও শিক্ষার বার্তা বহন করে।
পারা শুরুর অংশে রয়েছে সূরা ইয়াসিনের আলোচনা। এখানে হাবিব নাজ্জার নামের এক ব্যক্তির ঘটনা তুলে ধরা হয়েছে, যিনি নিজ জাতির কল্যাণকামী ছিলেন। কিন্তু তার জাতি তার দরদমাখা নসিহত শোনেনি, যার পরিণতিও বর্ণিত হয়েছে। নবীদের উপহাস ও তার পরিণতি প্রসঙ্গে আলোচনার পর আল্লাহ তায়ালার অস্তিত্ব, একত্ববাদ ও কুদরতের কিছু অকাট্য দলিল উপস্থাপন করা হয়েছে। এরপর কেয়ামতের ভয়াবহতা এবং শিঙ্গায় ফুঁক দেওয়ার আলোচনা রয়েছে। যেহেতু সূরাটির বেশিরভাগ আলোচনা মৃত্যুপরবর্তী জীবন সম্পর্কে, তাই এর সমাপ্তিও হয়েছে মৃত্যুপরবর্তী জীবনের আলোচনা দিয়ে।
এরপর পঠিত হবে সূরা সাফফাত। মক্কায় অবতীর্ণ এই সূরাটির সূচনা হয়েছে সেসব ফেরেশতার আলোচনা দ্বারা, যারা আল্লাহর ইবাদত এবং তাঁর সপ্রশংস তাসবিতে রত থাকেন। এরপর জিনদের প্রসঙ্গে বলা হয়েছে যে, তারা যখন লুকিয়ে লুকিয়ে ঊর্র্ধ্ব মহলের সংবাদ শোনার চেষ্টা করে, তখন জ্বলন্ত উজ্জ্বল অঙ্গার তাদের পেছনে ধাওয়া করে এবং সবদিক থেকে তাদের ওপর মার পড়ে। সূরায় পুনরুত্থান, হিসাবনিকাশ ও প্রতিদান প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এরপর জাহান্নামিদের একে অপরকে দোষারোপ প্রসঙ্গে আলোচনা শেষে জান্নাতিদের পারস্পরিক কথোপকথন বিষয়ে আলোকপাত করা হয়েছে। হজরত নুহ, ইবরাহিম, মুসা, হারুন, ইলিয়াস, লুত এবং ইউনুস (আ.) এর বিভিন্ন ঘটনা এই সূরায় আলোচিত হয়েছে। নবীদের এসব ঘটনা শেষে এরশাদ হচ্ছে, ‘আমার প্রেরিত বান্দাদের জন্য আমার ফয়সালা নির্ধারিত যে, তারাই সাহায্য লাভ করবে এবং বিজয়ী হবে আর আমার লশকরের জয় হবেই হবে।’ সূরার শেষে হঠকারীদের থেকে বিমুখ থাকার নির্দেশনা প্রদান করে আল্লাহর হামদ ও সানা এবং সপ্রশংস তাসবির বর্ণনা দেওয়া হয়েছে।
এরপর পঠিত হবে সূরা সাদ। মক্কায় অবতীর্ণ এই সূরাটির সূচনায় আল্লাহ তায়ালা কোরআনের শপথ করেছেন। এই শপথের মাধ্যমে কোরআনের অলৌকিকতা এবং নবী মুহাম্মদ (সা.) এর সত্যতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূরায় আল্লাহর বড়ত্ব ও একত্ববাদের বাহ্যিক প্রমাণের আলোচনার পর মোশরেকদের অহংকার, মূর্খতা ও নির্বুদ্ধিতার কথা বলা হয়েছে। পূর্ববর্তী বিভিন্ন জাতিগোষ্ঠীর অহংকারী ও অবিশ্বাসীদের পরিণতি বলে রাসুলে আকরাম (সা.) কে সবরের নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























