জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের জন্য বিভিন্ন চেম্বার, অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট সব পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা আহ্বান করেছে। একটি অংশগ্রহণমূলক, জনমুখী ও ন্যায়সঙ্গত বাজেট তৈরির লক্ষ্যে নেওয়া এই উদ্যোগে আগামী ১৫ মার্চের মধ্যে লিখিত ও সফটকপি আকারে প্রস্তাবনা জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সম্মত বাজেট প্রণয়নে এনবিআর বরাবরই সকল পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে বাজেট প্রস্তাব আহ্বান করে এবং তাদের সাথে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে আসছে।
প্রস্তাবনা জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে এনবিআর জানিয়েছে, বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব লিখিতভাবে আগামী ১৫ মার্চের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নিকট প্রেরণ করতে হবে। একই সঙ্গে, প্রস্তাবের একটি সফটকপি (নিকোশবিএএন ফন্টে) ই-মেইলের (nbrbudget2026@gmail.com) মাধ্যমে সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডেও পাঠাতে হবে। যে সকল প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি উল্লিখিত ই-মেইলের মাধ্যমে তাদের বাজেট প্রস্তাবনা এনবিআরের কাছে প্রেরণ করতে পারবে।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একই সাথে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে বলে জাতীয় রাজস্ব বোর্ড আশা প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 























