ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিলের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে।
বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৫০ সদস্য বিশিষ্ট এই নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক চন্দন দাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। কমিটির অন্যান্য পদে রয়েছেন বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত এই বিভাগের কৃতি শিক্ষার্থীরা। উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অধিকাংশ সদস্যই ছাত্রজীবন থেকে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান, জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা। অনুষ্ঠানের অতিথিরা আশা প্রকাশ করেন যে, এই সংগঠনটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং, মেন্টরিং প্রোগ্রাম ও কাউন্সিলিং প্রদান করা হবে। এছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং বৈশ্বিক পরিমণ্ডলে বিভাগের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করবে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মূলত বিভাগের উন্নয়ন এবং শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা বৃদ্ধিতে একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
রিপোর্টারের নাম 

























