আধুনিক ব্যস্ত জীবনে ভুলে যাওয়া এখন নিত্যদিনের সঙ্গী। প্রিয়জনের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা অফিসের জরুরি বার্তা—সবই যেন চাপা পড়ে যায় দৈনন্দিন কাজের ভিড়ে। এই সমস্যা থেকে মুক্তি দিতে এবার এক দারুণ সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা এখন থেকে যেকোনো বার্তা আগে থেকেই লিখে রাখতে পারবেন এবং তা নির্দিষ্ট সময়ে প্রাপকের কাছে পৌঁছে যাবে স্বয়ংক্রিয়ভাবে।
দৈনন্দিন জীবনের গতি যত বাড়ছে, ততই বাড়ছে ভুলে যাওয়ার প্রবণতা। একসময় যেখানে বন্ধু-স্বজনের বিশেষ দিনগুলো মনে রেখে শুভেচ্ছা জানানো হতো, এখন তা হয়ে দাঁড়িয়েছে এক চ্যালেঞ্জ। সহকর্মীকে জরুরি তথ্য জানানো বা প্রয়োজনীয় তারিখ মনে রাখাও কঠিন হয়ে পড়ছে অনেকের জন্য। এই সমস্যা সমাধানে এতদিন মোবাইল ফোনের অ্যালার্ম বা ক্যালেন্ডারে নোট লেখার মতো বিকল্প বেছে নিতে হলেও, এবার হোয়াটসঅ্যাপই দিচ্ছে এর স্থায়ী সমাধান।
সামাজিক যোগাযোগমাধ্যমটি তাদের ১৭ বছরের ইতিহাসে এই প্রথমবার ‘মেসেজ শিডিউল’ বা বার্তা সময়সূচি নির্ধারণের সুবিধা চালু করতে যাচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা যখনই কোনো বার্তা পাঠানোর কথা মনে পড়বে, তখনই তা লিখে রাখতে পারবেন এবং সেই বার্তা প্রাপকের আইডিতে পৌঁছে যাবে নির্দিষ্ট তারিখ ও সময়ে। ফলে গুরুত্বপূর্ণ কোনো বার্তা বা বিশেষ দিনের শুভেচ্ছা জানাতে আর ভুলে যাওয়ার দুশ্চিন্তা পোহাতে হবে না।
মেসেজ শিডিউল অপশনটি কী?
এই বিশেষ ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারীরা আগে থেকেই বার্তা লিখে রাখতে পারবেন। কোন দিন, কোন সময়ে, কাকে এই বার্তা পাঠানো হবে, তা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া যাবে। নির্ধারিত সময়ে ব্যবহারকারী অনলাইনে না থাকলেও হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেই বার্তা পাঠিয়ে দেবে।
উদাহরণস্বরূপ, আপনি হয়তো বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা রাত ১২টায় জানাতে চান। এখন আপনি দিনের বেলাতেই শুভেচ্ছা বার্তাটি লিখে, তারিখ ও সময় সেট করে রাখতে পারবেন। ঠিক জন্মদিনের দিন রাত ১২টায় আপনার শুভেচ্ছা বার্তা বন্ধুর চ্যাটবক্সে পৌঁছে যাবে। ব্যক্তিগত হোক বা পেশাগত, জরুরি বার্তা সঠিক সময়ে পৌঁছে দিতে এই অপশনটি অত্যন্ত কার্যকর হবে।
হোয়াটসঅ্যাপের স্ক্রিনে ‘চ্যাট ইনফো’ নামে একটি নতুন অপশন যুক্ত হবে, যেখানে ব্যবহারকারী তার নির্ধারিত বার্তাগুলোর তালিকা দেখতে পারবেন। বার্তা পাঠানোর আগে যেকোনো সময়ে তা পরিবর্তন করা যাবে, এমনকি চাইলে মুছেও ফেলা যাবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপের আইওএস বেটা ভি২৬.৭১০.৭২ সংস্করণে এই নতুন ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। খুব দ্রুতই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 























