বরিশাল সদর উপজেলার কৃষি প্রণোদনা কর্মসূচির একটি সরকারি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এতে সকাল থেকে অপেক্ষমাণ শতাধিক কৃষকসহ অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অনেক কৃষক অনুষ্ঠানস্থল ত্যাগ করে বাড়ি ফিরে যান।
বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজক সূত্রে জানা যায়, সকাল ৯টায় অনুষ্ঠান শুরুর কথা ছিল। এ উপলক্ষে সকাল ৮টা থেকেই সদর উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ৩৫০ থেকে ৪০০ জন কৃষক উপজেলা পরিষদের হলরুমে উপস্থিত হন। পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আয়োজকরাও উপস্থিত ছিলেন।
তবে নির্ধারিত সময় পেরিয়ে দুপুর গড়িয়ে গেলেও প্রধান অতিথি না আসায় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। শেষ পর্যন্ত দুপুর ২টা ৪৬ মিনিটে অনুষ্ঠানে উপস্থিত হন সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। ততক্ষণে অপেক্ষমাণ অনেক কৃষকই হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন।
দীর্ঘ অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কৃষক সেকান্দার আকন, মো. সুরুজ, বাবুল আকন, সফিকুল ইসলাম ও মো. আরাফাত বলেন, সকাল ৯টা থেকে তাদের বসিয়ে রাখা হয়েছে। পাঁচ থেকে ছয় ঘণ্টা অপেক্ষা করানো ঠিক হয়নি। রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কৃষক আতাউল বলেন, “আমরা দিন এনে দিন খাই। কয়েকশ টাকার কৃষি উপকরণ নিতে এসে পুরো একটি কর্মদিবস নষ্ট হয়ে গেল।”
অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষি কর্মকর্তা জানান, অনুষ্ঠানটি আগে থেকেই নির্ধারিত ছিল। সকাল থেকেই সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি আসছেন বলে জানানো হয়। তবে দীর্ঘ অপেক্ষার কারণে কৃষকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে বলে জানান তারা। তাদের একজন বলেন, “কৃষকরা সবাই কাজ ফেলে এসেছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেকে চলে গেছেন।”
এদিকে উপস্থিত কয়েকজন সাংবাদিক জানান, এর আগের দিন বরিশাল জিলা স্কুলে অনুষ্ঠিত প্রথম বার্ষিক মেধা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানও নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে শুরু হয়। তাদের দাবি, সংসদ সদস্যের অনুষ্ঠানে দেরিতে উপস্থিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়।
রিপোর্টারের নাম 






















