সাধারণ মানুষকে মিথ্যা তথ্যের শিকার হওয়া থেকে রক্ষা করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে, গণমাধ্যমের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণ ও এর সামগ্রিক ব্যবস্থাপনাকে আধুনিকীকরণের ওপরও তিনি জোর দিয়েছেন। শুক্রবার বরিশালে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সকল অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। তাদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক পদ্ধতির আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যান্য সরকারি সিদ্ধান্তের বিষয়ে তথ্যমন্ত্রী জানান, সরকার কৃষিঋণ মওকুফের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাইলট প্রকল্প দ্রুত শুরু হতে যাচ্ছে। বরিশালে যাতে এই সমস্ত সরকারি সিদ্ধান্তগুলো দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, সেই প্রস্তুতি সংক্রান্ত পরামর্শ দিতেই তিনি আজকের সভায় অংশ নিয়েছেন বলে জানান।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সদ্য বরিশাল আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তিনি অবগত আছেন। বিষয়টি নিয়ে তিনি আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের সঙ্গে দেশের গণমাধ্যম এখনও পুরোপুরি যুক্ত হতে পারেনি স্বীকার করে তথ্যমন্ত্রী বলেন, আমাদের তথ্য মন্ত্রণালয় যে সময়ে গড়ে উঠেছিল, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের অস্তিত্ব ছিল না। বর্তমানে যে ধরনের তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রসার ঘটেছে, এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার, তা এতদিনে হয়ে ওঠেনি। সরকারের নীতিনির্ধারক সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 





















