দেশের অর্থনীতির চলমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় করের আওতা বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে না, যা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
শুক্রবার বিকেলে নগরীর পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। অর্থনৈতিক সংকট কাটাতে কর বৃদ্ধি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার মানোন্নয়নেও নিরলস কাজ করছে।
শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কারের বিষয়ে নির্বাচনের আগে জাতির কাছে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করা হবে। আগামী বাজেটেও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এবং এ লক্ষ্যে যা যা করা প্রয়োজন, সব পদক্ষেপ নেওয়া হবে।
হাসপাতাল প্রকল্পের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, বন্দরনগরীর মেরিন ড্রাইভে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। একই স্থানে একটি নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য আরেকটি ইনস্টিটিউট গড়ে তোলা হবে। এসব খাতে দেশে বিদ্যমান ঘাটতি পূরণে এমন একটি বড় স্থাপনার জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। বেশ কয়েকটি সম্ভাব্য স্থান বিবেচনা করা হচ্ছে, যার মধ্যে মেরিন ড্রাইভের এই জায়গাটিও রয়েছে। কিছু কিছু স্থানে অবকাঠামোগত সমস্যা থাকলেও, সবকিছু বিবেচনা করে সর্বোত্তম স্থানটিই নির্বাচন করা হবে বলে জানান তিনি। মন্ত্রী আরও যোগ করেন, এটি একটি সাধারণ হাসপাতাল হলেও এতে কয়েকটি বিশেষায়িত ইউনিট থাকবে, যা সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা আরও সহজে পৌঁছে দেবে। তিনি চট্টগ্রাম-১১ আসনের জন্য দেওয়া তাঁর ‘১১ দফা ইশতেহার’ বা ‘১১ তে ১১’ বাস্তবায়নেরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 




















