রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত ৩৯ ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবশেষ শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫.৩ বলে উল্লেখ করেছে। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার আশাশুনি অঞ্চলে এর উৎপত্তি বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। এটি ছিল একটি মৃদু ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ভারতের সিকিম অঞ্চল। ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই অঞ্চল থেকে কম্পন অনুভূত হয়েছিল।
তারও আগে গত বুধবার রাতে দেশে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১।
মাত্র ৩৯ ঘণ্টার ব্যবধানে তিনবার ভূকম্পন অনুভূত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। আবহাওয়া অফিস এই ভূমিকম্পগুলোকে মাঝারি ও মৃদু মাত্রার বলে উল্লেখ করলেও ঘন ঘন কম্পন জনমনে নতুন করে প্রশ্ন তৈরি করছে এবং সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় অনেকেই ভীত হয়ে পড়ছেন।
রিপোর্টারের নাম 




















