নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া এই পাঁচ মামলার মধ্যে চারটিই হত্যা মামলা। ফতুল্লা থানায় দায়ের করা এই মামলাগুলো হলো— বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা অন্য একটি মামলায়ও তাকে জামিন দেওয়া হয়েছে।
আদালতে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং মোতাহার হোসেন সাজু।
উল্লেখ্য, গত বছরের ৯ মে দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেলেও পরে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। সর্বশেষ গত ১৮ নভেম্বর তাকে নতুন করে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল, যেগুলোতে আজ তিনি জামিন লাভ করলেন।
রিপোর্টারের নাম 

























