দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সব ধরনের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। বুধবার সকাল থেকেই এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ ৪ হাজার ৭০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১ হাজার ৪৪৮ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭ ৩৭ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কিছুটা কমানো হলেও মাত্র ছয় দিনের ব্যবধানে তা আবার রেকর্ড উচ্চতায় পৌঁছালো। বিশ্ববাজার ও স্থানীয় চাহিদার প্রেক্ষাপটে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 






















