দেশের রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি আজ হাইকোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির গতকাল (মঙ্গলবার) এই তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ শিশির মনির তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এক পোস্টে জানান, জুলাই সনদ স্থগিত বা বাতিল চেয়ে দায়ের করা রিট মামলাটি আজ (বুধবার) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে হাইকোর্টের ১৪ নম্বর বেঞ্চে শুনানি হবে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিট আবেদনটি করেন। তাঁর আবেদনে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেছেন, রিটে ‘জুলাই জাতীয় সনদ’ সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সনদের কার্যক্রম স্থগিত রাখারও আরজি জানানো হয়।
প্রসঙ্গত, গত ২০২৪ সালের ৫ আগস্ট এক গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। সেই ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল হিসেবে এই সনদকে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























