র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশিদ এবং তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ প্রদান করেন। আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চালাচ্ছে দুদক। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে তাদের আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ওয়ান ব্যাংকের বিভিন্ন মেয়াদি আমানত এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্রসহ বর্তমানে চিহ্নিত ৬৪ লাখ টাকার অধিক সম্পদ অন্যত্র সরিয়ে ফেলার বা আত্মসাতের আশঙ্কা রয়েছে। এই সম্পদগুলো রক্ষা এবং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সাবেক ডিজি ও তার স্ত্রীর নামে থাকা ১০টি ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ করা জরুরি। দুদকের এই যুক্তির সঙ্গে একমত পোষণ করে আদালত সম্পদগুলো জব্দের নির্দেশ দেন।
রিপোর্টারের নাম 























