চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুমিল্লা থেকে মিরসরাইয়ে ফেরার পথে তার ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় এমপির সঙ্গে তার গাড়িচালক মনিরও আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত এমপি নুরুল আমিন ও তার চালককে উদ্ধার করেন। পরে একটি বিকল্প গাড়িতে করে তাদের বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়।
কমফোর্ট হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক পরীক্ষায় সংসদ সদস্য নুরুল আমিনের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম এমপিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রামে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী নিশ্চিত করেছেন যে, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপি নুরুল আমিনকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি সংসদ সদস্যের দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























