সিলেটের লাক্কাতুরা ও আশপাশের এলাকায় বার্ষিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈদ্যুতিক লাইনের বার্ষিক সংরক্ষণ, জরুরি মেরামত এবং লাইনের ওপর ঝুঁকে থাকা গাছের ডালপালা কাটার উদ্দেশ্যে এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলো বিদ্যুৎহীন থাকবে।
বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা উল্লেখযোগ্য এলাকাগুলো হলো— ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকা, বিমানবন্দর এক্সপ্রেস ফিডার, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, বড়শালা বাজার (আংশিক), পর্যটন এলাকা, সিলভার সিটি, কেওয়াছড়া ও হিলুয়াছড়া চা-বাগান।
এছাড়া ঘোপাশাল, কাকুয়াপাড়, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট ও তৎসংলগ্ন এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের পোহানো দুর্ভোগের জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 























