রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে ‘জুলাই ঐক্য’ প্রসঙ্গে উত্থাপিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুলাই ঐক্য অভিযোগ করেছে, রাষ্ট্রপতির বক্তব্য তাদের নিয়ে বিভ্রান্তি ছড়ানোর একটি অপচেষ্টা এবং এটি বাস্তবতার পরিপন্থী। অবিলম্বে সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহার ও রাষ্ট্রপতির আনুষ্ঠানিক স্পষ্টীকরণ দাবি করেছে সংগঠনটি, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামের এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, “২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও হলো। অমুকের দল, তমুকের দল, মঞ্চ, ঐক্য—কত কী! রাতারাতি সৃষ্টি! এগুলো একই টাইপের লোকজন, বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল?”
জুলাই ঐক্যের বিবৃতিতে বলা হয়েছে, যদিও সাক্ষাৎকারে সরাসরি তাদের নাম উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজে একই দিনে প্রকাশিত ‘রাষ্ট্রপতিকে পদত্যাগে চাপ, ‘নাটক মঞ্চস্থের’ অভিযোগ’ শিরোনামের একটি ভিডিওতে স্পষ্টভাবে জুলাই ঐক্যের নাম উল্লেখ করা হয়। এই বিষয়টিকেই বিভ্রান্তিকর উপস্থাপনের চেষ্টা হিসেবে দেখছে সংগঠনটি।
প্রতিষ্ঠার পর থেকে জুলাই ঐক্যের কার্যক্রম মূলত চব্বিশের গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি এবং জুলাই সংশ্লিষ্ট কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সংগঠনটি মনে করে, রাষ্ট্রপতির বক্তব্যে জুলাই ঐক্যকে একটি ‘মব’ বা ‘রাতারাতি সৃষ্ট’ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা বাস্তবতার সম্পূর্ণ পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সাংবাদিক রাষ্ট্রপতির এ বক্তব্য যথাযথ প্রেক্ষাপট ব্যতিরেকে প্রকাশ করেছেন, যার মাধ্যমে জুলাই ঐক্যকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের অপচেষ্টা হয়েছে।
জুলাই ঐক্য অবিলম্বে সংশ্লিষ্ট গণমাধ্যমের ফেসবুক পেজ, ইউটিউবসহ যেসব মাধ্যমে তাদের জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, তা প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
একইভাবে, ৬ মে ২০২৫ সালে আত্মপ্রকাশ করা জুলাই ঐক্যকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করায় রাষ্ট্রপতির আনুষ্ঠানিক স্পষ্টীকরণ প্রত্যাশা করছে সংগঠনটি। এ বিষয়ে গণভবনের প্রেস উইংয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জুলাই ঐক্য আশা করে, বিষয়টি পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত নীতি এবং তথ্যের স্বচ্ছতার ভিত্তিতে সমাধান হবে।
রিপোর্টারের নাম 
























