পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তীব্র নিন্দা জানিয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর পুলিশের এই অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় অন্তত তিন জন সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে তোফায়েল, আকাশ এবং কাওসার আহমেদ রিপন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, আহত সাংবাদিকরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে ঘটনাস্থলের লাইভ সম্প্রচার করছিলেন। গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার নিশ্চিত থাকা সত্ত্বেও তাদের ওপর এই সহিংসতা চালানো হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, সাংবাদিকতা হলো জনগণের স্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করার একটি মহৎ পেশা। কোনো প্রকার নির্যাতন বা বলপ্রয়োগের মাধ্যমে এই পেশাকে দমন করা যায় না।
তিনি সরকারের কাছে সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানান। একইসঙ্গে, আহত সাংবাদিকদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং এই ঘটনার সঙ্গে জড়িত দোষী পুলিশ সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























