বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং সর্বদা বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপি দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই মাজার জিয়ারত অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
মঈন খান অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে জনগণের ওপর একদলীয় শাসন ও প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে দেশ আজ মুক্ত। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি সবসময় আইনের শাসনে বিশ্বাসী এবং সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে দেশ পরিচালনা করতে চায়। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























