পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক বেলারুশ নাগরিককে প্রাইভেটকার দিয়ে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
সোমবার রাতে ঈশ্বরদীর নতুন হাট গ্রিনসিটি সংলগ্ন বাজার এলাকায় গ্যালাক্সি বারের সামনে এই ঘটনা ঘটে। আহত বিদেশি নাগরিকের নাম হারশাকৌ উলাজিস্লাউ (২৯)। তিনি রূপপুর প্রকল্পের নিকিমথ কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উলাজিস্লাউ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৪-৭৩৮২) তাকে লক্ষ্য করে ধেয়ে আসে। তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও চলন্ত গাড়িটি তার পায়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই চালক দ্রুত গতিতে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান।
আহত ওই প্রকৌশলীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয়রা গ্রিন সিটির ভেতরে অবস্থিত একটি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, ঘটনার পর অভিযানে নেমে পুলিশ অভিযুক্ত চালককে আটক করতে সক্ষম হয়। আটক চালকের নাম মো. সানজিদ (২১)। তিনি ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলার বাসিন্দা আরশাদ আলমের ছেলে। পুলিশ তার ব্যবহৃত প্রাইভেটকারটিও নিজেদের হেফাজতে নিয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, বিদেশি নাগরিককে আঘাত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























