ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এ ধরনের জঘন্য কাজ থেকে বিরত না থাকলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও উন্নয়নই তাঁর একমাত্র অঙ্গীকার বলেও জানান নবনির্বাচিত এই জনপ্রতিনিধি।
সোমবার সন্ধ্যায় গফরগাঁও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আক্তারুজ্জামান বাচ্চু এসব কথা বলেন। তিনি গণতন্ত্রে সহনশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন, সবাইকে সম্মান ও মর্যাদা দিয়ে নিরাপদ রেখে একটি কল্যাণমুখী সমাজ ও দেশ গঠনে আমরা একযোগে কাজ করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 























