পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, রাজনৈতিক পরিচয়ে নির্বাচিত হলেও বর্তমানে তিনি দল-মত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি। পিরোজপুরের সামগ্রিক উন্নয়নে বিভেদ ভুলে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
সোমবার সকাল ১০টায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “আমি নির্বাচনে একটি নির্দিষ্ট প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছি, কিন্তু এখন আমি এই আসনের প্রতিটি নাগরিকের সংসদ সদস্য। উন্নয়নের স্বার্থে আমি সব দল ও মতের মানুষের সহযোগিতা চাই। এখন থেকে সকল জনগণ আমার এবং আমিও সকল জনগণের জন্য নিবেদিত।”
এ সময় তিনি এলাকায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জনপ্রতিনিধি, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার এবং জামায়াতে ইসলামীর আমির মো. আলী হোসেন। প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ওলিউর রহমান রুবেল এবং ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ—মাসুদ করিম ইমন (সদর), মো. শহিদুল ইসলাম বাবুল (বালিপাড়া) এবং মশিউর রহমান মঞ্জু (চন্ডিপুর) সভায় অংশ নিয়ে নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
রিপোর্টারের নাম 

























