‘মাদক ছাড়ো, না হয় শিবপাশা ছাড়ো’— এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠনের এক দৃঢ় প্রত্যয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার মহল্লাবাসী এক ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে সম্প্রতি শিবপাশা নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিবপাশা মহল্লা কমিটির উদ্যোগে এক আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিবপাশা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোট ৮৪ জন ব্যক্তি মাদক থেকে দূরে থেকে সুস্থ, স্বাভাবিক ও কর্মমুখী জীবনযাপন করার অঙ্গীকার করে আত্মসমর্পণ করেন। উপস্থিত এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এটিকে শিবপাশায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
মহল্লা কমিটির সভাপতি ডা. সাদেকুল আমীন চৌধুরী তার সভাপতির বক্তব্যে বলেন, ‘মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি আত্মসমর্পণকারীদের নতুন জীবন শুরু করতে সমাজের সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি জানান, যারা এখনও আত্মসমর্পণ করেননি, তাদেরও খুব শিগগিরই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও যোগ করেন, মাদকের বিরুদ্ধে এই অভিযান একদিনের কর্মসূচি নয়; এটি একটি চলমান সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। মাদকের পাশাপাশি চোর চক্রের সদস্যদেরও সতর্ক করা হয়েছে; মাদকাসক্তদের জন্য দশ হাজার টাকা এবং চোরদের জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মাদকের কারণে সামাজিক অবক্ষয় ও অপরাধ বেড়ে যাওয়ায় মহল্লা কমিটির এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।
রিপোর্টারের নাম 
























