নীলফামারীর জলঢাকায় দুই ট্রাকের বেপরোয়া গতির প্রতিযোগিতায় প্রাণ হারিয়েছে ৫ বছর বয়সী এক শিশু। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজার সংলগ্ন টেংগনমারী-চিলাহাটি আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম বিথী আক্তার। সে মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট উত্তরপাড়া এলাকার বাবুল হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেয় বিথী। পথিমধ্যে পাঠানপাড়া বাজারের কাছে রাস্তা পার হওয়ার জন্য তারা সড়কের পাশে অপেক্ষা করছিল। এসময় টেংগনমারী থেকে আসা ঢাকা মেট্রো-ট ২৪-৩৭৭৩ এবং ঢাকা মেট্রো-ট ২৪-২০৪৯ নম্বরের দুটি দ্রুতগামী ট্রাক একে অপরকে ওভারটেক করার চেষ্টা করে। রেষারেষির একপর্যায়ে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিথীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে ঘাতক ট্রাক দুটিকে আটক করলেও চালক ও হেলপাররা পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে ছুটে যান নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু সরকার জানান, সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ ঘাতক ট্রাক দুটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 

























