নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল জলিল (৬২)। তিনি চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আনার উল্যাহ মুন্সির ছেলে এবং ওই ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আবদুল জলিল সম্প্রতি তার বাড়ির পাশে ইরি ধানের চাষ করেছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ধানখেতে পানি দেওয়ার উদ্দেশ্যে সেচ পাম্প চালু করতে যান। এসময় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে রওনা হন, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
তবে মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























