দেশের বাজার ব্যবস্থাপনায় শিগগিরই উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমানে বাজার পরিস্থিতি সন্তোষজনক থাকলেও, কিছু অসাধু ব্যবসায়ী পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজি করার চেষ্টা করছে। তবে, যারা এই মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে।
সোমবার দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং এই সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে। তিনি আরও যোগ করেন যে, রমজান মাসকে ঘিরে বাজারকে পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তবে এগুলোর বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। এই কার্যক্রমে তিনি গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী বলেন, “আমরা বাজার তদারকি করতে এসেছি। বাজারে যে মূল্যে পণ্য বিক্রি হওয়ার কথা, তা হচ্ছে কিনা তা আমরা দেখতে এসেছি।” তিনি নিজে বিভিন্ন দোকানে ঘুরে হাতে-কলমে পণ্যের দর যাচাই করেন। পুরো ঢাকা শহরে একযোগে তদারকি করা প্রশাসনিকভাবে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ঢাকার মতো বড় শহরের প্রতিটি বাজারে একসঙ্গে সরকারি টিম পাঠানো বাস্তবিকভাবে সম্ভব নয়। তবে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে এবং ব্যবসায়ীদের মনে এই সচেতনতা তৈরি করাই তাদের লক্ষ্য যে, তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন।
কয়েকটি সিন্ডিকেটের হাতে বাজার জিম্মি হয়ে আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাজার যেন গুটিকয়েক ব্যক্তির হাতে জিম্মি না থাকে সে বিষয়ে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে। তিনি রমজান মাসকে ঘিরে ব্যবসায়ীদের নৈতিকতার কথা স্মরণ করিয়ে দিয়ে অতিরিক্ত মুনাফার লোভ ত্যাগ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও রমজানের আগে যে পণ্য ৪০-৫০ টাকা ছিল, তা হুট করে ১২০ টাকায় উঠে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মী হিসেবে আমদানি পণ্যের বাজার স্থিতিশীল রাখা তাদের কাজ উল্লেখ করে মন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে যে পণ্যগুলো আমদানি করে বাজারকে স্থিতিশীল রাখা হয়, তা যথেষ্ট স্থিতিশীল আছে। এমনকি কিছু পণ্যের মূল্য গত বছরের চেয়ে ১৫ থেকে ২০ টাকা কম রয়েছে, যা পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত।
সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডলের ওপর ব্যবসায়ী ও তাদের কর্মকর্তাদের চড়াও হওয়া এবং হুমকির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলছে।
পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইআইটি শিবির বিচিত্র বড়ুয়া উপস্থিত ছিলেন। পরে বাণিজ্যমন্ত্রী দেশের বৃহৎ পাইকারি কাঁচাবাজার কারওয়ান বাজার পরিদর্শন করেন এবং সেখানে ক্রেতা-বিক্রেতাদের কাছে বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
রিপোর্টারের নাম 
























