যোগ্যতার ভিত্তিতেই এসপি-ওসি নিয়োগ, লটারির দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা: পুলিশের সুপারিন্টেজেন্ট (এসপি) এবং অফিসার ইনচার্জ (ওসি) পদে নিয়োগ ও পদায়নে লটারির দিন শেষ হচ্ছে। এখন থেকে মেধা, যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতেই এই গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তরগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচনের আগে লটারির মাধ্যমে কিছু এসপি ও ওসি নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এই পদ্ধতিতে নিয়োগের ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা দিতে পারেননি। তিনি উল্লেখ করেন, বড় জেলা এবং ছোট জেলার কাজের ধরণ ভিন্ন। তাই এসপি ও ওসি নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার অভিজ্ঞতা, দক্ষতা এবং উপযুক্ততা বিবেচনা করা অত্যন্ত জরুরি। কিন্তু পূর্বের লটারি পদ্ধতিতে এই বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা হয়নি, এমনকি প্রক্রিয়াটিও স্বচ্ছ ছিল না।
মন্ত্রী আরও বলেন, সরকারি নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যোগ্য ও দক্ষ কর্মকর্তাদেরই এসপি ও ওসি পদে পদায়ন করা হবে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরের শেষ দিকে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের এসপি ও ওসি নিয়োগ-পদায়নে লটারি পদ্ধতি চালু করেছিল। গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করা হয়। এর কিছুদিন পরেই ডিসেম্বরের শুরুতে লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছিল। তবে, এই পদ্ধতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।
রিপোর্টারের নাম 
























